সাকিব-তামিমের শতকে ভর করে খুলনা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৪৩৩ রান। তামিম ১০৯ ও সাকিব করেন ১৩৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে জিম্বাবুয়ে। দিন শেষ সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান।
প্রথম দিনের ৩ উইকেটে ১৯৩ রানই বলে দিচ্ছিল বড় একটা সংগ্রহের পথে এগুচ্ছে বাংলাদেশ। আগের দিনে ৭৪ রানে তামিম ইকবাল ও ১৩ রানে অপরাজিত থাকা সাকিব দ্বিতীয় দিন শুরু করেন দৃঢ়তার সঙ্গেই।
দেখে শুনে খেলে সাকিব অর্ধশত ও ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন তামিম ইকবাল। টেস্ট মেজাজে তিন অংক পৌঁছাতে তিনি বল খেলেন ৩১২টি।
তবে এরপর আর ইনিংস লম্বা করতে পারেননি তামিম। দলীয় ৩০৫ রানে মাসাকাদজার বলে, আরভিনের তালুবন্দী হয়ে, ১০৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। ভাঙ্গে ১৩২ রানের জুটি।
বোঝাবুঝির কারণে ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক। রানআউটের শিকার হন অধিনায়ক।
এরপর শুভাগত হোমকে নিয়ে লড়াই চালিয়ে যান সাকিব। পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১৩৭ রান করে আউট হন সাকিব। তবে এরপর ক্রিজে আর তেমন কেউ টিকতে পারেনি। শেষদিকে, তাইজুলের ৩২ ও শাহাদাত হোসেনের ১৮ রানে ভর করে, ৪৩৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।