খুলনা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১০২ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। হ্যামিলটন মাসাকাদজার ১৫৪ রানে ৩ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন সাকিব আল হাসান। এর আগে দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৪৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
১ উইকেটে ৫৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। শুরুতেই ব্রায়ান চারিকে প্যাভিলিয়নে পাঠিয়ে ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।
এরপর নিয়ন্ত্রিত বোলিং করে ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন ও এলটন চিগুম্বুরাকে ফেরত পাঠিয়ে তিন উইকেট ঝুলিতে পুরেন সাকিব আল হাসান। টেইলর ৩৭, আরভিন ১৭ এবং ১ রান করেন চিগুম্বুরা।
১৮৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। কিন্তু আরেক প্রান্ত আগলে রেখে, চাকাভাকে সঙ্গী করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান হ্যামিলটন মাসাকাদজা।
দৃঢ় ব্যাটিংয়ে ক্যারিয়ারের চতুর্থ ও বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি।
এরপরও তাকে সাজঘরে পাঠাতে পারেননি কোনো বাংলাদেশি বোলার। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে দেড়শ রান পূরণ করেন এই জিম্বাবুয়াইন।
এ দুই ব্যাটসম্যানের ১৪২ রানের জুটিতে দিন শেষে বাংলাদেশের চেয়ে ১০২ রানে পিছিয়ে সফরকারীরা।
মাসাকাদজা ১৫৪ এবং ৭৫ রানে অপরাজিত আছেন চাকাভা।