সাকিব আল হাসানের কৃতিত্বে স্মরণীয় হয়ে থাকলো খুলনা টেস্ট। তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে দশ উইকেট ও সেঞ্চুরি করে ইয়ান বোথাম ও ইমরান খানের পাশে এখন সাকিবের নাম। এর আগে একই টেস্টে শতক হাকানোর পাশাপাশি ৫ উইকেট নিয়ে স্যার গ্যারি সোবার্স, জ্যাক ক্যালিস ও মুস্তাক মোহাম্মদের কাতারে নিয়ে গিয়েছিলেন তিনি।
আর সাকিবের অনন্য সব অর্জনের পাশে রেকর্ড গড়েছেন মুমিনুল হকও। ব্রায়ান লারা ও সুনীল গাভাস্কারের মতোই, মাত্র ২১ ইনিংসে নিজের নাম লিখিয়েছেন এক হাজার রানের এলিট ক্লাবে।
নিজের নামটা স্মরণীয় করে রাখতে খুলনা টেস্টকেই যেন বেছে নিলেন সাকিব আল হাসান। টেস্টের শেষদিনও সাকিবময়। এমসাঙ্গুয়ের উইকেট ঝুলিতে পুরে, প্রথমবারের মতো এক টেস্টে ১০ উইকেট নিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার আর গড়লেন আরো একটি রেকর্ড।
ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের পর, তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি নিলেন দশ উইকেট। দীর্ঘ ৩১ বছর পর ক্রিকেটের মাঠে আবারো এ কীর্তি দেখলো ভক্তরা আর সাকিব নৈপুণ্যে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ।
এর আগে চতুর্থ দিনেও ইতিহাস রচনা করেন সাকিব। দ্বিতীয়বারের মত একই টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি ৫টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের স্যার গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের মুস্তাক মোহাম্মদের কাতারে নিজেকে নিয়ে যান তিনি।
টেস্ট ইতিহাসে এমন কৃতিত্ব আছে মাত্র পাঁচ জনের। পাঁচবার একই টেস্টে ৫ উইকেট ও সেঞ্চুরি করে সাকিবের সামনে আছেন এখন আছেন শুধু ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম।
সাকিবের আলোয় ততোটা আলোচিত না হলেও খুলনা টেস্টে, রেকর্ড গড়েছেন মুমিনুল হকও। তামিম, সাকিব ও হাবিবুল বাশারকে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুত এক হাজার রান করার রেকর্ড গড়েছেন তিনি।
খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করার পথে হাজার রানের এলিট ক্লাবে জায়গা নেন এ বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ২১ ইনিংসে হাজার রান করে রেকর্ড বইয়ে বিশ্ব ক্রিকেটের দুই ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা ও সুনীল গাভাস্কারের পাশে এখন তার নাম।
অনেক পাওয়ার ম্যাচে জয়ের পাশাপাশি সাকিব আর মুমিনুলের কৃতিত্বে স্মরণীয় হয়ে থাকলো খুলনা টেস্ট।