সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো স্বাগতিকরা। প্রোটিয়াদের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে জয় তুলে নেয় অজিরা।
৪১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ক্যামেরুন হোয়াইট। আর সিরিজ সেরা খেলোয়াড় হয়েছেন জেমস ফকনার।
সিডনিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ২৭ বলে ৪৮ এবং হেনড্রিক্স করেন ৪৮ বলে ৪৯ রান।
এছাড়াও ২৬ বলে অপরাজিত ৩৪ রান করেন ডেভিড মিলার। অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেট নেন জেমস ফকনার। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, অ্যারোন ফিঞ্চের ঝড়ো ব্যাটিংয়ে ভালোই এগুচ্ছিল অজিরা। তবে, ৩৩ রানে ফিঞ্চ ফিরে গেলে চাপে পড়ে অজিরা। ম্যাক্সওয়েলও ফিরে যান ২৩ রান করে।
তবে হোয়াইটের দৃঢ় ব্যাটিংয়ে ম্যাচে ফেরে অজিরা। শেষ ওভারের টানটান উত্তেজনার পর এক বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।