বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন অল আউট হওয়ার আগে স্বাগতিক বাংলাদেশ করেছে ৫০৩ রান। বৃহস্পতিবার স্বাগতিকরা শেষ ৮ উইকেট হারিয়ে তুলেছে ২০০ রান। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগের সর্বোচ্চ দলীয় সংগ্রহকে এদিন ছাড়িয়ে যায় টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের দলীয় সর্বোচ্চ ৪৮৮ রানকে টপকে যায় মুশফিক বাহিনী।
এর আগে দিনের শুরুতে মাত্র ১১টি টেস্ট খেলা মুমিনুল তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক থেকে মাত্র দুই রান দূরে থাকতে ৪৮ রানে পানিয়াঙ্গারার বলে টেইলরের হাতে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।
মুমিনুলের বিদায়ের পর মাসাকাদজার বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন মাহামুদুল্লাহ। আউট হওয়ার আগে তিনি ৬৮ বলে ১৬ রান করেন।
মধ্যাহ্ন বিরতির ১৫ মিনিট আগে সাকিবের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে দলীয় ২৭৮ রানের মাথায় মুশফিকুর রহিম মাসাকাদজার বলে বোল্ড হন। আউট হওয়ার আগে তিনি ১৫ রান করেন।
মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩৮৪ রান।
গত টেস্টের মহানায়ক সাকিব আল হাসান ব্যক্তিগত ৭১ রান করে আউট হন। মুমিনুলের বিদায়ের পর জিম্বাবুয়ের 'শঙ্কা' সাকিব আল হাসান ব্যাটিং ক্রিজে আসেন। বাঁহাতি এ অলরাউন্ডার টেস্ট ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক করেন। ১১০ বলে ৭টি চারের সাহায্যে ৭১ রান করে সিকান্দার রাজার বলে আরভিনের হাতে ধরা পড়েন সাকিব।
সাকিবের বিদায়ের পর ব্যাটিং করতে এসে ব্যক্তিগত এক রান করে বিদায় নেন তাইজুল ইসলাম। তবে, এরপরই টট্টগ্রামবাসী দেখেছেন মারমুখী ব্যাটসম্যান রুবেল হোসেনকে। শেষ দিকে তিনি জুবায়েরকে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ উইকেটে সর্বোচ্চ ৫১ রানের জুটি গড়েন।
রুবেল নিজেও খেলেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টির আবহ নিয়ে এসে ব্যাটে ঝড় তুলেছিলেন তিনি। ৪৪ রানে অপরাজিত থেকে তিনি খেলেছেন ৪৫টি বল। ২টি চারের পাশাপাশি রুবেল ৪টি ছক্কা হাঁকান।