উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, লিওনেল মেসির হ্যাটট্রিকে অ্যাপোয়েল নিকোশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রাউল গনসালেসকে টপকে টুর্নামেন্টে এককভাবে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার রেকর্ড গড়েন মেসি।
অ্যাপোয়েলের মাঠে, ম্যাচের ২৭ মিনিটে দারুণ এক গোলে বার্সেলোনাকে লিড এনে দেন উরুগুয়ের সুপারস্টার লুইস সুয়ারেজ। বার্সেলোনায় হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে এটি সুয়ারেজের প্রথম গোল। বিরতির আগে, অ্যাপোয়েলের জালে বল জড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে সর্বোচ্চ গোলস্কোরারের রেকর্ড গড়েন লিওনেল মেসি।
দ্বিতীয়ার্ধে, ৫৮ ও ৮৭ মিনিটে আরো দুই গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলের বড় জয় এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক।
এদিকে, সার্জিও আগুয়েরোর অসাধারণ হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় এক জয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে, শালকের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট চেলসি।