মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন ফিল হিউজ। বাউন্সারের আঘাতে মাথায় চোট পাওয়ার দুদিন পর সিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৫ বছর বয়সী এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
বৃহস্পতিবার সকালে এ খবর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড।
গত ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া লীগে খেলার সময় একটি বাউন্সার বল মাথায় লাগলে গুরুতর আহত হন হিউজ। জরুরি ভিত্তিতে স্টেডিয়ামে হেলিকপ্টার অ্যাম্বুলেন্সে করে তাকে সিডনি হাসপাতালে নেয়া হয়।
সেদিনই মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচারের পর অচেতন অবস্থায় হিউজকে রাখা হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। ম্যাচে পেসার শন অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউজ।
গতকাল বুধবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার সংবাদ মাধ্যমকে জানান, হিউজের অবস্থা অপরিবর্তিত। কোনো উন্নতি দেখা গেলেই আমরা তা তাৎক্ষণিকভাবে জানাবো।
কিন্তু উন্নতির খবর জানানোর কোনো সুযোগ কাউকে দিলেন না হিউজ। পাড়ি জমালেন পরপারে। তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশেজ সিরিজেসহ ২৬টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেছেন ২৫ বছর বয়সী হিউজ।
মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার সময় সাউথ অস্ট্রেলিয়ায় হয়ে হিউজ ৬৩ রানে ব্যাট করছিলেন। হেলমেট পরা থাকলেও মাথার পাশে আঘাত পান তিনি। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর তিনি সামনে ঝুঁকে পড়েন এবং মুখ থুবড়ে পড়ে যান, যাতে আবারও মাথায় আঘাত লাগে।
ক্রিকেটার ও দলের চিকিৎসা কর্মকর্তারা দ্রুত ছুটে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাকে নিথর অবস্থায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে অস্ত্রোপচারের পর তিনি কৃত্রিম কোমায় ছিলেন।
সূত্র: বিবিসি