পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সোমবার জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।
এর আগে তিন টাইগার তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন ও সাকিব আল হাসানের দুর্দান্ত ঘূর্ণিবাতে ক্লান্ত হয়ে ৩০ ওভারে ১২৮ রানে অলআউট হন জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা।
একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই হ্যাট্রিকসহ ৪ উইকেট নেয়া তাইজুল ইসলাম ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হন। আর ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ভুসি সিবান্দা করেন ৩৭ রান। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।
বাংলাদেশের পক্ষে এ ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৭ ওভার হাত ঘুরিয়ে হ্যাট্রিকসহ ১১ রানের বিনিময়ে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ৩০ রানে ৩টি, লেগ স্পিনার জুবায়ের হোসেন ৪১ রানে ২টি ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
১২৯ রানের সহজ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত মাহমুদুল্লার অর্ধশতকের ইনিংসে ভর করে ২৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে কাঙ্খিত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। এছাড়া সৌম্য সরকার করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান।
জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই দলীয় ১৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসার পানিয়াঙ্গারার বলে সলোমন মিরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল করেন ১০ রান।
পরের ওভারেই টেন্ডাই চাতারার বলে স্লিপে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক। তিনি করেন ৮ রান।
দশম ওভারে এই ম্যাচের মধ্য দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়া সৌম্য সরকারকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ ইনিংসে আবারও আঘাত হানেন চাতারা। দলীয় ৪৭ রানে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে সৌম্য করেন ২০ রান।
এরপর ১৩তম ওভারে দলীয় ৫৮ সাকিব আল হাসান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয়। পানিয়াঙ্গারার বলে স্লিপে মাসাকাদজার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে সাকিব কোনো রান করতে পারেননি।
বাংলাদেশের ইনিংসের ১৯তম ওভারে দলীয় ৯৩ রানে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন হয়। চাতারার করা ওই ওভারের চতুর্থ বলে ব্রেন্ডন টেইলরের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিকুর রহিম। তিনি করেন ১১ রান।
এরপর ষষ্ঠ উইকেটে সাব্বির রহমানকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল্লাহ।
শুরুর খেলা: মাশরাফি বিন মুর্তজার করা পঞ্চম ওভারে উইকেট রক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান সিকান্দার রাজা মাত্র ৯ রান করে। আর জুবায়ের হোসেনের করা ১৮তম ওভারে বোল্ড হয়ে ফিরে যান হ্যামিল্টন মাসাকাদজা। সাকিব আল হাসানের করা ২১তম ওভারে বোল্ড হয়ে যান ব্রেন্ডন টেইলর।
ব্যক্তিগত ১৬ রানে জুবায়ের হোসেনের বলে মাশরাফি বিন মুর্তজাকে সহজ ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন ভুসি সিবান্দা। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ৩৭ রান করে সাকিব আল হাসানের বলে মাশরাফির হাতেই ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
টিমিসেন মারুমা বোল্ড হয়ে বিদায় নেন জুবায়ের হোসেনের করা বলে।
তাইজুল ইসলামের করা ২৭তম ওভারে এলবিডব্লিউ হয়ে যান সলোমন মায়ার। সেই ওভারেই টিনাশে পানিয়াঙ্গারা বোল্ড করেন তাইজুল। নিজের পরের ওভারের প্রথম দুই বলে জন নিউম্বু ও টেন্ডাই চাটারাকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তাইজুল।
৩০তম ওভারে সাকিব আর হাসান টাফাজওয়া কামুনগোজিকে বিদায় জানালে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে দল। সিরিজে প্রথমবারের মতো লক্ষ্য তাড়া করবে বাংলাদেশ। আগের চার ম্যাচেই প্রথমে ব্যাট করে স্বাগতিকরা।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। অভিষেক হচ্ছে সৌম্য সরকার ও তাইজুল ইসলামের। বিশ্রাম দেয়া হয়েছে ইমরুল কায়েস ও রুবেল হোসেনকে।
তিনটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলে। দলে ফিরেছেন সিকান্দার রাজা, টিনাশে পানিয়াঙ্গারা ও জন নিউম্বু। বাদ পড়েছেন রেগিস চাকাবভা, পিটার মুর ও নেভিল মাডজিভা।
এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজেও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে।
পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।