ইংলিশ প্রিমিয়ার লিগে, টটেনহাম হটস্পারকে ৩-০ গোলে হারিয়ে জয়রথ ধরে রেখেছে চেলসি। আরেক ম্যাচে, সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে, অ্যালেক্সিস সানচেসের একমাত্র গোলে সাউদাম্পটনের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আর্সেনাল।
স্ট্যামফোর্ড ব্রিজে, টটেনহাম হটস্পারের বিপক্ষে শুরুতেই এডেন হ্যাজার্ডের গোলে লিড নেয় চেলসি। মিনিট তিনেক পরেই, অস্কারের সহায়তায় লিড দ্বিগুণ করেন আইভরি কোস্ট তারকা দিদিয়ের দ্রগবা। বিরতির পর, ফ্রান্সের ফরোয়ার্ড রেমির গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা। এ জয়ে, ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটা আরো মজবুত করলো ব্লুজরা।
লিগের আরেক ম্যাচে, সার্জিও আগুয়েরোর জোড়া গোলে সান্ডারল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ১৪ ম্যাচ শেষে চেলসির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।