সাকিব আল হাসানের বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞাও তুলে নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, সাকিবের আচরণে সন্তুষ্ট হয়েই এ সিদ্ধান্ত নিয়েছিলো বোর্ড।
এর আগে বলা হয়েছিলো সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে বোর্ডসভায়। তবে সহসাই বোর্ডসভা না হওয়ায়, পরিচালকদের লিখিত অনুমতি নিয়েই এ ঘোষণা দিলেন নাজমুল হাসান।
আচরণগত সমস্যার কারণে সাকিব আল হাসানের ওপর এ বছরের ৭ জুলাই, ৬ মাসের জন্য সব ধরণের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশি লিগে খেলায় নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা ৬ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়। তবে, বহাল থাকে বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা।
এবার সে নিষেধাজ্ঞাও তুলে নেয়ার ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন আরো বলেন, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই কঠোর হতে বাধ্য হয়েছে বিসিবি।
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বিগব্যাশ, আইপিএল ও সিপিএলে খেলতে পারবেন সাকিব আল হাসান।