এশিয়ান ফেডারেশন জুনিয়র কাপ হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। রোমান ও রাব্বীর জোড়া গোলে লঙ্কানদের ৭-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে উঠলো তারা।
মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে মিলনের গোলে লিড পায় বাংলাদেশ। চার মিনিট পরেই কৌশিকের স্টিকে ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকরা। ২২ ও ২৮ মিনিটে আরো দুটি গোল হলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-০তে।
দ্বিতীয়ার্ধে, আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় বাংলাদেশ। ৪৪ মিনিটে রাব্বী, ৪৭ মিনিটে খোরশেদ আর ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে, রাব্বী আরো একটি গোল করলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মামুনুর রশিদের শিষ্যরা।
এর আগে গ্রুপের অন্য তিন ম্যাচে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৭-০, থাইল্যান্ডকে ১০-০ ও ওমানকে ৭-০ গোলে হারিয়েছে। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আগামীকাল- রোববার ফাইনালে খেলবে ওমানের সঙ্গে।