বার্সেলোনায় গোল করতে এসেছি, শুধুমাত্র লিয়নেল মেসি কিংবা নেইমারকে গোল করতে সহয়তা করাই আমার দায়িত্ব নয় বলে জানালেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ।
লিভারপুর থেকে রেকর্ড ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনায় আসার পর থেকে নিজে গোল করতে না পারলেও প্রায় প্রতিটি ম্যাচে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন সুয়ারেজ। অক্টোবরে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে অভিষেক হবার পরে মাত্র একটি গোল করেছেন। অথচ ৬টি লা লিগা ম্যাচে সহযোগিতা করেছেন ৫টি গোলে। নিজের ব্যক্তিগত পরিসংখ্যানের তুলনায় দলের ফলাফলই বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি বিশ্বাস করেন। যদিও তিনি অকপটেই স্বীকার করেছেন অন্যকে দিয়ে গোল করার তুলনায় নিজে গোল করতেই তিনি বেশি আগ্রহী থাকেন।
এ সম্পর্কে ফরোয়ার্ড বলেন, ‘মেসির পাশে একই দলে খেলার কারণে সবকিছু সহজ হয়ে যায়। তার সঙ্গে খেলা আমি দারুন উপভোগ করি। অবশ্যই একজন ফরোয়ার্ড হিসেবে নিজে গোল করার দিকেই আমার দৃষ্টি থাকে। তবে যখন পুরো দল ভাল করছে তখন এখানে কোন সমস্যা নেই।’
‘বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারাটাও সৌভাগ্যের। সে এখনো দলের সুবিধার কথা মাথায় রেখেই খেলে। তবে আমরা শুধুমাত্র মেসির জন্য খেলি না। আমরা একে অপরের জন্য খেলি। আমরা জানি মেসির সঙ্গে সঙ্গে নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তার মত খেলোয়াড়ও পার্থক্য গড়ে দেবার ক্ষমতা রাখে। এ ধরনের খেলোয়াড়রা সব সময়ই আত্মবিশ্বাস যোগায়। দলের মধ্যে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই আমি এখন পর্যন্ত খেলে এসেছি। তবে অপরকে দিয়ে গোল করানোটাও পছন্দ করি। এখানে আসার পরে নিজে গোল করাটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। লিভারপুলের হয়ে বেশি গোল করার কারণেই এখানে আমাকে নিয়ে আসা হয়েছে।’ বলেও জানান তিনি। সূত্র: বাসস