অ্যাডিলেডে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেয়া ৩৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে, নাথান লায়নের ঘূর্ণি বোলিংয়ের সামনে ৩১৫ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লায়ন।
শেষদিনে ভারতকে ৩৬৪ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। ৫৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারা। ১৮৫ রানের জুটি গড়ে ভারতের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন ভিরাট কোহলি ও মুরালি বিজয়।
ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন ভিরাট কোহলি। গ্রেগ চ্যাপেলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্যাপ্টেন্সি ডেব্যুতে দুই ইনিংসে সেঞ্চুরি করেন কোহলি। তবে মাত্র ১ রানের জন্য শতক বঞ্চিত হন মুরালি বিজয়।
এরপর নাথান লায়নের ঘূর্ণি বিদ্ধস্ত হয় ভারতের ব্যাটিং লাইন আপ। ৩১৫ রানে অলআউট হয় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ৭টি এবং প্রথম ইনিংসে ৫টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নাথান লায়ন।