পর্তুগালের মাদেইরা শহরেই শৈশব কেটেছে বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। এবার নিজ শহরে নিজের আদলে আরেক রোনাল্ডোকে ভক্তদের জন্য উন্মুক্ত করে দিলেন এই পর্তুগীজ তারকা। বিশাল আকৃতির এক ভাস্কর্য সকলের সামনে খুলে দিতেই রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার গতকাল মাদেইরা শহরে ছুটে আসেন।
শনিবার মারাকে স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টাইন ক্লাব সান লোরেনজোকে ২-০ গোল পরাজিত করে প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালে চতুর্থ এই শিরোপা জয়ের আনন্দ উদযাপনের পরপরই পর্তুগীজের ছোট দ্বীপ শহরটিতে ভক্তদের সংষ্পর্শে আসেন রোনাল্ডো। ভাস্কর্য উন্মুক্ত অনুষ্ঠানে তার সাথে পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রোনাল্ডো বলেন এই ধরনের একটি অনুষ্ঠানে আসতে পারাটা সত্যিই জীবনের একটি বিশেষ মুহূর্ত।
এসময় তার মা ডোলোরেস আভেইরো বলেন, রোনাল্ডো কখনই তার মূল ভুলে যায়নি।
রোনাল্ডোর নিজ শহরে তার নিজস্ব একটি যাদুঘর আছে যেখানে বিভিন্ন সময়ে ক্যারিয়ারের প্রাপ্ত বিভিন্ন ট্রফিগুলোকে রাখা হয়েছে, যার মধ্যে আছে দুটি ব্যালন ডি অর শিরোপা। আশা করা হচ্ছে তৃতীয়টি এবারও দখল করতে যাচ্ছেন এই তারকা। এই যাদুঘরের অংশ হিসেবেই প্রায় ৩.৪ মিটার উচ্চতার এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। এটা তার জন্য মাদেইরা শহরবাসীর একটি সম্মাননা স্মারকও।
ভাস্কর্যটি উন্মোচন করার পরপরই বিশ্বের এই সেরা তারকা সকলের সাথে ছবি তুলেছেন, সেই ছবিগুলো আবার নিজের ফেসবুক ফ্যানপেজে পোস্টও করেছেন। বাসস।