অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর ডাক্তারি পরীক্ষার পর এবার জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন।
ডিএনএ আলামত পরীক্ষা করে আগামী ১১ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
চলচ্চিত্রে নব অভিনেত্রী হ্যাপী (২১বছর) মামলা এজাহারে উল্লেখ করেন, তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মাসুদ পারভেজ আদালতে এ আবেদন করেন।
তার সত্যতা যাচাইয়ে রুবেলের ডিএনএ পরীক্ষার অনুমতি দেয় আদালত।
আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, সকালে মামলার তদন্ত কর্মকর্তা এ সংক্রান্ত একটি আবেদন দাখিল করলে আদালত তা মঞ্জুর করে।
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন হ্যাপী। ১৪ ডিসেম্বর পুলিশের ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।
শারীরিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রুবেল জোর খাটাননি বলে ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে।
সাংবাদিকদের হ্যাপীর বলেন, ফেইসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। পরে অন্য নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর তাকে এড়িয়ে চলায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী হ্যাপী।‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রে প্রধান অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করেন। তার অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।
এদিকে, নারী নির্যাতন আইনে হ্যাপীর করা মামলার দুই দিন পরই হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান এ ক্রিকেটার।
তবে শুরু থেকেই হ্যাপীর এ অভিযোগ নাকচ করে আসছেন তিনি।
তিনি বলেন, এ তরুণী তাকে ‘ব্ল্যাকমেইল’ করছে।