ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্ট সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ডাক পেয়েছেন ইনজুরি থেকে সেরে ওঠা জেপি ডুমিনি ও অ্যারোন ফাঙ্গিসো। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মুখ সাইমন হ্যারমারকে দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলা তিন টেস্টের সিরিজ খেলছেন না ডুমিনি। টি-টোয়েন্ট সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলবেন না তিনি। তবে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে ডুমিনির খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
এদিকে, আসন্ন বিশ্বকাপের জন্য হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন এবং মর্নে মরকেলকে বিশ্রাম দিয়েছে দেশটির নির্বাচকরা। ক্যারিবিয়দের বিপক্ষে আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ফ্যাফ ডুপ্লেসিস।