ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগের আরেক ম্যাচে. নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে, নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। ব্রানিস্লাভ ইভানোভিচের সহায়তায় ব্লুজদের হয়ে প্রথম গোল করে দলকে লিড এনে দেন অস্কার।
বিরতি থেকে ফিরে, ডি বক্সের মধ্যে, অস্কারের সঙ্গে দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা। শেষ পর্যন্ত, নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা। এ জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অটুট থাকলো চেলসি।
লিগের আরেক ম্যাচে, এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে, ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।