টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগায় এসপানিওলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো লস ব্লাঙ্কোরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের হয়ে একটি করে গোল করেন হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল ও নাচো ফার্নান্দেজ।
ঘরের মাঠে, এসপানিওলের বিপক্ষে শুরুতেই হামেস রদ্রিগেজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২৮ মিনিটে, ফ্রি কিক থেকে গ্যারেথ বেলের দূর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ হয় গ্যালাক্টিকোদের।
বিরতি থেকে ফিরে, ডিফেন্ডার ফাবিও কোয়েন্ত্রাও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। ৭৬ মিনিটে, স্কোরলাইন ৩-০ করেন স্পেনের ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।
নির্ধারিত সময় শেষে, এসপানিওলের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যানচেলত্তির দল। এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ।