স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়েছে জায়ান্ট বার্সেলোনা। একটি করে গোল করেছেন কাতালানদের বড় তিন তারকা লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ।
এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান ধরে রাখলো বার্সা। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। একাদশ মিনিটে, গোল উৎসব শুরু করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৩৬ মিনিটে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজের গোলে লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।
বিরতি থেকে ফিরে পেনাল্টি থেকে এক গোল শোধ করে অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যবধান কমান ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ। খেলা শেষের ৩ মিনিট আগে, স্কোরশীটে নাম লেখান বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।
শেষ পর্যন্ত, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।