বিশ্বকাপের স্কোয়াডে থাকাটা ভাগ্যের বিষয় তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচ বাই ম্যাচ ভালো খেলতে পারলে টুর্নামেন্টে ভালো করা সম্ভব বলে মনে করেন জাতীয় দলের তরুণ স্পিনার আরাফাত সানির।
আরেক স্পিনার তাইজুলের স্বপ্ন বিশ্বকাপের সেরা পারফমেন্সের মধ্য দিয়ে টপ টেন বোলারদের তারিকায় জায়গা করে নেয়া।
বিশ্বকাপের জন্য শুরু হওয়া অনুশীলন ক্যাম্পের প্রথম দিন শেষে, সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া এ দুই ক্রিকেটার।
বিশ্বকাপের চূড়ান্ত দলে আছেন ১৫ জন। এর মধ্যে বিশ্বকাপের মতো বড় আসরে এবারই প্রথম খেলবেন ৯ । এর মধ্যে রয়েছেন দুই স্পিনার আরাফাত সানি ও তাইজুল ইসলাম।
মাত্র ৮টি ওয়ানডে ম্যাচ খেলেই বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন সানি। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে অভিষেক তার। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ম্যাচে, মাত্র ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এখন পর্যন্ত এটি তার ক্যারিয়ার সেরা বোলিং।
অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে,রঙ্গিন পোশাকে অভিষেক হয় তাইজুল ইসলামের। অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে ৪৩ বছরের ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েন তাইজুল। পাশাপাশি ৭ ওভারে ১১ রান খরচায় ৪ উইকেট নিয়ে নজর আসে সবার।
ওয়ানডে ক্রিকেটে এই সাফল্যই স্বপ্নের বিশ্বকাপের খেলার সুযোগ করে দিয়েছে বলে মনে করেন এই দু'জন। সোমবার অনুশীলন ক্যাম্প শেষে সংবাদ সম্মেলনে জানান বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা।
বিশ্বকাপের মতো বড় আসর তার উপর ভিন্ন কন্ডিশনে খেলা সবমিলিয়ে একেবারেই নতুন পরিস্থিতি এদুজনের জন্য। কিন্তু তারা বলছেন আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো করা সম্ভব।