বার্সেলোনার কোচ লুইস এনরিকের সঙ্গে তার কোনো বিবাদ নেই বলে জানিয়েছেন লিওনেল মেসি। এদিকে, ৫ম বারের মতো ফিফা বর্ষসেরা হতে না পারাতে অখুশি নন বলেও জানান মেসি।
শোনা যাচ্ছে, কোচ লুইস এনরিকের সঙ্গে না-কি ঝামেলা চলছে লিওনেল মেসির। সামনের মৌসুমেই হয়তো বার্সেলোনা ছাড়তে পারেন এলএম টেন। সেক্ষেত্রে আর্জেন্টিনার নিউওয়েল ওল্ড বয়েজ অথবা চেলসিতে যেতে পারেন মাসায়া মেসি।
তবে এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। আপাতত ক্লাব ছাড়ারও কোনো পরিকল্পনা নেই তার।
লিওনেল মেসি বলেন, এনরিকের সঙ্গে আমার সম্পর্কটা সে রকমই রয়েছে। যেমনটা একজন কোচের সঙ্গে একজন খেলোয়াড়ের হওয়া উচিত। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই।
এখনই বার্সেলোনা ছাড়তে চান না বলেও জানালেন মেসি।
তিনি আরো বলেন, একজন ফুটবলারের জীবনে অনেক কিছুই ঘটতে পারে। আমি আগামী বছর কোথায় খেলবো, তা আমি জানি না। তবে আমি বার্সেলোনাতেই অবসর নিতে চাই।
লিওনেল মেসি ও ম্যানুয়েল ন্যুয়্যারকে টপকে তৃতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এতেও আক্ষেপ নেই এলএম টেনের।
লিওনেল মেসি বলেন, দলের হয়ে শিরোপা জয়ের জন্য খেলি। আমার লক্ষ্য থাকে দলকে জেতানো আর আমি যদি কখনো বর্ষসেরা না-ও হতে পারি, এতে আমার কোনো আক্ষেপ নেই।
মেসির একসময়কার কোচ আলেহান্দ্রো সাবেয়া এবং পেপ গার্দিওলাকে নয়। বর্ষসেরা কোচের জন্য মেসি ভোট দিয়েছেন চেলসি বস হোসে মরিনিয়োকে।
এ প্রেক্ষিতে মেসি বলেন, মরিনিয়ো একজন অসাধারণ কোচ। ব্যক্তি হিসেবে আপনি তাকে পছন্দ করুন আর না করুন। তবে আপনাকে মানতেই হবে তিনি একজন অসাধারণ কোচ।