ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ফুটবল লিগের চেয়ারম্যান হওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন দিয়েগো ম্যারাডোনা। এ তথ্য জানিয়েছেন সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ-সিএমজির ব্যবস্থাপনা পরিচালক ভাস্বর গোস্বামী।
তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ম্যারাডোনা ঢাকায় এসে বিষয়টি নিশ্চিত করলেই কেবল, টুর্নামেন্টের ব্যাপারে সিএমজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা বিবেচনা করবে বাফুফে।
২০১১ সালে নাইজেরিয়া ও লিওনেল মেসির আর্জেন্টিনাকে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আনতে সহায়তা করেছিলো ভারতের ইভেন্ট ম্যানেজেমেন্ট প্রতিষ্ঠান সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ ‘সিএমজি’। এ প্রতিষ্ঠানটিই পরবর্তীতে ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনাকে কলকাতায় এনেছিলো।
সম্প্রতি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ আইএসএল সফলভাবে আয়োজন করে ব্যাপক সাড়া জাগিয়েছে ভারত। ওই প্রতিযোগিতার আদলে বাংলাদেশে একটি টুর্নামেন্ট করতে চায় সিএমজি।
এ টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব নিতে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে নাকি রাজী করিয়েছে বলে দাবি করলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ভাস্বর গোস্বামী।
বাফুফের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে চায় সিএমজি। টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করা থেকে শুরু করে স্পন্সর জোগাড় করা, যাবতীয় সব কাজই করবে তারা। শুক্রবার বাফুফের কাছে তাদের বিস্তারিত প্রস্তাবনা দিয়েছে সি এম জি।
তবে দিয়েগো ম্যারাডোনা বাংলাদেশে এসে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করলেই কেবল, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে সিএমজির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির কথা বিবেচনা করবে বাফুফে। জানিয়েছেন বাফুফে সভাপতি, কাজী সালাউদ্দিন।