ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসি সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো চেলসি। জোড়া গোল করেছেন অস্কার ও দিয়েগো কস্তা।
সোয়ানসি সিটির বিপক্ষের গোল উৎসবের শুরু করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় চেলসি। বিশ মিনিটের মধ্যেই সেস ফ্যাব্রেগাসের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন দিয়েগো কস্তা। ৪-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্লুজরা।
খেলা শেষের মিনিট দশেক আগে, ব্লুজদের হয়ে পঞ্চম গোলটি করে বদলি হিসেবে নামা জার্মান স্ট্রাইকার আন্দ্রে শুর্লে। শেষ পর্যন্ত, সোয়ানসি সিটিকে ৫-০ তে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে হোসে মরিনিয়োর শিষ্যরা। এই জয়ে ২২ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৫২।
লিগের আরেক ম্যাচে, কিউপিআরকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অন্য ম্যাচে, অ্যাস্টন ভিলার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল।