স্প্যানিশ লা লিগায়, লিওনেল মেসি হ্যাটট্রিকে দেপোর্তিভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
অ্যাওয়ে ম্যাচে শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধের ৩৩ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিরতির পর, আরেকবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে, লা লিগায় নিজের ২২তম হ্যাটট্রিক পূরণ করেন মেসি। খেলা শেষের মিনিট সাতেক আগে, স্বাগতিকদের আত্মঘাতি গোলে ব্যবধান চারগুণ হয় বার্সেলোনার।
শেষ পর্যন্ত, দেপোর্তিভোকে ৪-০ তে বিধ্বস্ত করে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই জয়ে ১৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ৪৪। এক ম্যাচ কম খেলা ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
লিগের অন্য ম্যাচে, গ্রানাডাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে, দিনের প্রথম ম্যাচে, ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে, গেতাফেকে ৩-০ তে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।