স্প্যানিশ লা লিগায়, ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়েও মেসি-নেইমারের গোলে শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে হারায় কাতালান জায়ান্টরা।
এরমধ্য দিয়ে লিগ লিডার রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমালো লুইস এনরিকের শিষ্যরা।
ঘরের মাঠে, ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে, প্রথমার্ধের শেষ মিনিটে, ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের গোলে সমতায় ফেরে কাতালানরা।
বিরতি থেকে ফিরেই, ভিয়ারিয়ালের স্কোরলাইনে আরো একটি গোল যোগ করেন লুসিয়ানো দারিও ভিয়েত্তো। তবে দুই মিনিট পরেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়ার গোলে স্কোরলাইন ২-২ হয় কাতালানদের।
মিনিট দুয়েক পরেই, কাতালানদের লিড এনে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। শেষ পর্যন্ত, আর কোনো গোল না হলে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।
এই জয়ে, ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে কাতালানরা।