স্প্যানিশ লা লিগায়, জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে, হারলেও ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে লস ব্লাঙ্কোরা। সমান সংখ্যক ম্যাচে, রিয়ালের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামে, নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৪ মিনিটে, মারিও মানজুকিচের সহায়তায় অ্যাটলেটিকোদের লিড এনে দেন তিয়াগো।
চার মিনিট পরেই, সাউলের দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ হয় রোজি ব্লাঙ্কোদের। বিরতির পর, দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০ করেন ফরাসি স্ট্রাইকার অ্যান্তোনি গ্রিজম্যান।
খেলার অন্তিম মুহূর্তে, ফার্নান্দো তোরেসের অসাধারণ হেডে রিয়াল মাদ্রিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মারিও মানজুকিচ। শেষ পর্যন্ত, রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।