বিশ্বকাপের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তানের সুপার হাইভোল্টেজ লড়াই। উপমহাদেশের দুই শিরোপা প্রত্যাশী দল পুল বিতে নিজেদের প্রথম ম্যাচেই কাল মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়। এ ম্যাচের মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের।
এদিকে, ভারতের বিপক্ষে বিশ্বকাপে এর আগে কখনই জিততে পারেনি পাকিস্তান। ম্যাচটি তাই মর্যাদার লড়াই দুইদলের জন্যই।
ভারত পাকিস্তানের ম্যাচ মানেই স্নায়ুক্ষয়ী উত্তেজনার লড়াই। দুইদলের মোকাবেলা, ক্রিকেট সীমানা ছাড়িয়ে পায় দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দীতার ভিন্ন মাত্রা।
এমনিতে ক্রিকেট পরিসংখ্যানে ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। ওয়ানডেতে ১২৬ বারের মোকাবেল্য় পাকিস্তানের জয় ৭২ টি, ভারতের ৫০ টি।
তবে বিশ্বকাপে যেন অন্য হিসাব। পাকিস্তান যেন হারাতেই জানেনা ভারতকে। ১৯৯২ থেকে ২০১১, পাঁচ পাঁচটি বিশ্বকাপে সবগুলো ম্যাচেই ভারতের কাছে হার পাকিস্তানের। ওই পাচ ম্যাচেই খেলেছেন ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার। এরমধ্যে তিনটিতেই তার ছিল ম্যাচ উইনিং পারফর্মেন্স। এবার শচিনবিহীন ভারতকে হারিয়ে ইতিহাস বদলে দেয়ার সুযোগ পাকিস্তানের সামনে।
প্রায় চার মাস অস্ট্রেলিয়ায় কাটিয়েও ভারতীয় ব্যাটসম্যানরা হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে মানিয়ে নিতে। পাক অধিনায়ক মিসবাহর জন্য তাই তুরুপের তাস হতে পারেন তিন পেসার মোহাম্মদ ইরফান, বিলওয়াল ভাট্টি ও এহসান আদিল। শহীদ আফ্রিদির সঙ্গে স্পিন অ্যাটাকে দেখা যেতে পারে প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত খেলা লেগস্পিনার ইয়াসির শাহকে।
তবে রোহিত শর্মা, বিরাট কোহলি, মাহেন্দ্র সিং ধোনিরা বদলে দিতে জানেন ম্যাচ। আর ভারতের বোলার মোহাম্মদ শামি, মোহিত শর্মা ও ভুবনেশ্বর কুমারের পেস অ্যাটাক খারাপ নয়।
তবে পরিসংখ্যানে যাই থাক নতুন লড়াই হবে মাঠে। সে লড়াইয়েই ঠিক হবে অ্যাডিলেইড ওভালে জয়ের হাসি হাসবে কোন দল।