জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যন্ড। উদ্বোধনী দিনে লড়াই করতে পারেনি কোনো সফরকারীই। প্রায় একপেশে ম্যাচে, মেলবোর্নে ইংল্যান্ডকে ১১১ রানে অস্ট্রেলিয়া এবং ক্রাইস্টচার্চে, শ্রীলঙ্কাকে ৯৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, টস হেরে ব্যাট করতে নেমে, ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত সূচনা করে অস্ট্রেলিয়া।
দলীয় ৫৭ রানে, ডেভিড ওয়ার্নারকে ফেরত পাঠিয়ে ব্রেক থ্রু এনে দেন স্টুয়ার্ট ব্রড।
অধিনায়ক জর্জ বেইলিকে সঙ্গে নিয়ে এরপর রানের চাকা সচল রাখেন অ্যারোন ফিঞ্চ। এই আসরের প্রথম সেঞ্চুরি করেন এই অজি ওপেনার।
ফিঞ্চের ১৩৫ ও ম্যাক্সওয়েলের ৬৬ রানের ইনিংসে ভর করে, নির্ধারিত ৫০ ওভারে ৩৪২ রান করে অস্ট্রেলিয়া।
শেষ ওভারের শেষ তিন বলে, তিন উইকেট তুলে নিয়ে এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করেন স্টিভেন ফিন।
জবাবে, ৯২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড।
এরপর জেমস টেলরের ৯৮ রানের অপরাজিত ইনিংসও পারেনি ইংলিশদের হার এড়াতে। শেষ পর্যন্ত ২৩১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।
এর আগে, গেলো দুইবারের ফাইনালিস্ট শ্রীলঙ্কার মুখোমুখি হয়, তাদের কাছেই গত দুই আসরের সেমিফাইনালে হারা নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের সঙ্গে দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়েন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
তাদের ১১১ রানের পার্টনারশিপে ভাঙন ধরান রঙ্গনা হেরাথ। ব্যক্তিগত ৬৫ রানে, প্যাভিলিয়নে ফেরেন ম্যাককালাম। আর মাত্র এক রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন মার্টিন গাপটিল।
এরপর স্কোর এগিয়ে নিতে থাকেন কেইন উইলিয়ামসন। তবে, ব্যক্তিগত ৫৭ রান করে সাজঘরে ফিরতে হয় এই অলরাউন্ডারকে।
শেষ পর্যন্ত কোরি অ্যান্ডারসনের ৭৫ রানের ঝড়ো ইনিংসে ৩৩১ রানের পাহাড়সম স্কোর গড়ে ব্ল্যাকক্যাপসরা।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে কিছুটা রান আসলেও, এরপর আর পেরে উঠেনি লঙ্কানরা। ব্যক্তিগত ৬৫ রানে থিরিমান্নে ফিরে যাওয়ার পর, একে একে সাজঘরে ফেরেন ব্যাটিং ভরসা দিলশান, জয়াবর্ধনে ও সাঙ্গাকারা।
মাঝে ম্যাথিউসের ৪৬ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ করলেও, শেষ পর্যন্ত ২৩৩ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।