বিশ্বকাপের দ্বিতীয় দিনেই দেখা মিললো বিশ্ব রেকর্ডের। জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মিলার ও ডুমিনি পঞ্চম উইকেট জুটিতে অপরাজিত ২৫৬ রানে তুলে গড়লেন নতুন রেকর্ড। শতক হাকিয়েছেন দুই জনই। আরেক ম্যাচে সেঞ্চুরি করেছেন ভারতের বিরাট কোহলি আর ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের সোহেল খান।
ডেভিড মিলার ও জেপি ডুমিনি যখন ক্রিজে আসেন তখন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ৮৩ রান।
দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সেই সময় পরিস্থিতি সামাল দেয়াই ছিল তাদের মূলকাজ। তবে কে জানতো, দলকে নিরাপদ দুরত্বে নিয়ে যাওয়ার পাশাপাশি, নিজেদেরও অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন এই দুই প্রোটিয়া ব্যাটসম্যান?
এর আগে পঞ্চম উইকেটে অপরাজিত ২২৬ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের এউইন মরগান ও রবি বোপারা জুটির। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মিলার ও ডুমিনি জুটি। পঞ্চম উইকেটে রেকর্ড অপরাজিত ২৫৬ রানের জুটি গড়েন তারা। শেষ পর্যন্ত মিলার ১৩৮ রানে এবং ডুমিনি অপরাজিত থাকেন ১১৫ রানে।
এদিকে, পাকিস্তানে বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে শতক হাকিয়েছেন বিরাট কোহলি। ১০৭ রান আসে তার ব্যাট থেকে। কোহলির ক্যারিয়ারে এটি ২২তম শতক।
একই ম্যাচে ৫৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন পাকিস্তানের সোহেল খান। তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এটি।