নেলসনে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ক্যারিবীয়দের দেয়া ৩০৫ রানের টার্গেট, ৪৫ ওভার ৫ বলেই টপকে যায় আইরিশরা। ৯২ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন পল স্টারলিং।
টস হেরে ব্যাট করতে নেমে, আইরিশদের বোলিং তোপে, ৮৭ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তবে ষষ্ঠ উইকেটে স্যামি ও সিমোন্সের ১৫৪ রানের জুটিতে, নির্ধারিত ৫০ ওভারে ৩০৪ রানের বড় স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
জবাব দিতে নেমে, শুরুটা দুর্দান্ত ছিল আয়ারল্যান্ডের। পোর্টারফিল্ড ও স্টারলিংয়ের ৭১ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে ব্রেক থ্রু এনে দেন ক্রিস গেইল।
এরপর স্টারলিং ও জয়েসের ১০৬ রানের পার্টনারশিপে চালকের আসনে বসে আয়ারল্যান্ড। এই দুইয়ের ফিফটিতে জয়ের পথে এগুতে থাকে তারা। স্টারলিং ৯২ ও জয়েসের ব্যাট থেকে আসে ৮৪ রান । শেষ পর্যন্ত নায়াল ও ব্রায়ানের ৭৯ রানে জয় তুলে নেয় আইসিসির সহযোগি দেশটি।