খেলা

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

বাংলাদেশ
বাংলাদেশ

জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ, নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ২৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬২ রানেই গুটিয়ে যায় আফগানদের ইনিংস। এ ম্যাচের মধ্য দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আর সর্বোচ্চ ৭১ রান করে ম্যাচ সেরার পুরস্কার ঝুলিতে পুরেছেন মুশফিকুর রহিম।

ক্যানবেরার মানুকা ওভালের ফ্ল্যাট উইকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। ৩ জন পেসার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে দেখেশুনে খেলতে থাকেন তামিম ইকবাল ও এনামুল হক বিজয়।তবে রানের গতি বাড়িয়ে নেওয়ার আগেই ফিরে যান এ দুজন।

১৫তম ওভারে তামিম ব্যক্তিগত ১৯ রানে কট বিহাইন্ড হলে, ভাঙে ৪৭ রানের জুটি। কিছুক্ষণের মধ্যে আরো একবার ধাক্কা খায় বাংলাদেশ। লেগ বিফোরের ফাঁদে পড়েন আরেক ওপেনার এনামুল হক।

ওয়ান ডাউনে ভালোই খেলছিলেন সৌম্য সরকার। তবে, ২৮ রান করে শাপুর জাদরানের বলে এলবিডব্লিউ হন তিনিও। বড় স্কোর করার আগে বিদায় নেন মাহমুদুল্লাহ। ২৩ রান করে জাদরানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।

বাংলাদেশ ২০০ রান পার করতে পারবে কি-না, তা নিয়েই সংশয় দেখা দেয়। তবে, ত্রাতা হয়ে আসেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এ দুজনের অর্ধশতকে ভর করে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

সাকিবের ৬৩ ও মুশফিকের ৭১ রানে, নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান করে বাংলাদেশ। এ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের কোটা পার করেছেন সাকিব আল হাসান।

জবাব দিতে নেমে খেই হারিয়ে ফেলে আফগানিস্তান। মাশরাফি ও রুবেল ঝড়ে তছনছ হয়ে যায় তাদের টপ অর্ডার। প্রথম তিন ওভারে তিন রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা।

এরপর নওরোজ মঙ্গলকে নিয়ে পরিস্থিতি সামাল দেন সামিউল্লাহ শেনওয়ারি। তাদের ৬২ রানের পার্টনারশিপে আশার আলো দেখে আফগানিস্তান। তবে দলীয় ৬৫ রানে নওরোজ ও ৭৮ রানে সামিউল্লাহ ফিরে গেলে আবার চাপে পড়ে নবী বহিনী।

এরপর অধিনায়ক মোহাম্মদ নবী কিছু সময় লড়াই চালিয়ে গেলেও পারেননি শেষ রক্ষা করতে। শেষ পর্যন্ত ১৬২ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৭১ রান করে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে হেরে গেলেও নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়টা ছিল প্রত্যাশিতই। তাইতো প্রতিপক্ষের শেষ উইকেট ফেলে দেয়ার পর, নতুন দুই একজন ছাড়া, সিনিয়রদের চোখে-মুখে ছিল না বাড়তি আনন্দের ছাপ।

তাদের জয় উদযাপনের ভঙ্গিই বলে দিচ্ছিল, বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে ক্ষণিকের অতিথি নয় তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ