একাদশ বিশ্বকাপের অষ্টম ম্যাচে নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৫ রান করে আরব আমিরাত। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
এর আগে সাইমান আনোয়ারের অর্ধশতকে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান করে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দেয় আরব আমিরাত। থিতু হয়ে ব্যাটসম্যানদের বিদায়ে এক সময় বিপদেই পড়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে স্বস্তির জয় এনে দেন উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৪ রানের চমৎকার ইনিংস খেলা চামু চিবাবা হাঁটুর চোটের কারণে খেলেননি এ দিন। তার জায়গায় সিকান্দার রাজার সঙ্গে ইনিংস উদ্বোধন করেন রেগিস চাকাভা।
রাজা-চাকাভার ১৩ ওভার স্থায়ী ৬৪ রানের উদ্বোধনী জুটি জিম্বাবুয়েকে ভালো সূচনা এনে দেয়। রাজার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে প্রথম ম্যাচে ৬২ রানে হারা দলটি।
৪৬ রান করে বিদায় নেন রাজা। হিট উইকেট হয়ে ফেরা চাকাভার ব্যাট থেকে আসে ৩৫ রান।
ব্রেন্ডন টেইলর ৪৭ রানের ভালো একটি ইনিংস খেললেও দুই অঙ্কেই পৌঁছাতে পারেননি হ্যামিল্টন মাসাকাদজা (১) ও সলোমন মায়ার (৯)।
এক সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৬৭ রান। সেখান থেকে দলকে দলকে জয়ের পথে নিয়ে যান উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। ৬২ বলে ৮৩ রানের জুটি গড়েন এই দুই জনে। এতে আরভিনের অবদান ৪২ রান।
অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন উইলিয়ামস। ম্যাচ সেরা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৬৫ বলে খেলা ৭৬ রানের অপরাজিত ইনিংসটি ৭টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ।
আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির ৫১ রানে নেন ২ উইকেট।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আরব আমিরাতের। একাদশ ওভারে ৪০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় তারা।
তৃতীয় উইকেটে ১৬.২ ওভার স্থায়ী খুররম খান ও কৃষ্ণ চন্দ্রনের ৮২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে আরব আমিরাত। তবে ১২ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে অস্বস্তিতে পড়ে তারা।
পাল্টা আক্রমণে ৮২ রানের আরেকটি জুটি গড়ে আরব আমিরাত শিবিরে স্বস্তি ফেরান স্বপ্নিল পাতিল ও সাইমান আনোয়ার। মাত্র ১১.৩ ওভারে এই জুটি গড়েন তারা।
এই জুটি ভাঙার পর আবার দিক হারায় সহযোগী দেশটি। মাত্র ১৬ রানে তিন উইকেট হারায় তারা। ২১৬/৪ থেকে ২৩২/৭ এ পরিণত হওয়া দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান আহমেদ জাভেদ ও মোহাম্মদ নাভেদ।
অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ৫.৫ ওভারে ৫৩ রানের জুটি গড়েন জাভেদ-নাভেদ। তাদের ঝড়ো ব্যাটিংয়ে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়ে আরব আমিরাত।
তাদের আগের সর্বোচ্চ ছিল ৪ উইকেটে ২৮২ রান। গত নভেম্বরে দুবাইয়ে আফগানিস্তানের বিপক্ষে এই রান করেছিল তারা।
৪২ রানে ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার পেসার টেন্ডাই চাটারা। এছাড়া দুটি করে উইকেট নেন সলোমন মায়ার ও উইলিয়ামস।এদিকে, এবারের বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ খেলছে আমিরাত, তবে এটা জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাত্রা শুরু করেছিল জিম্বাবুয়ে।