অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বৃষ্টির কারণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ সময় বেলা পৌনে একটা পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার বিলি বাউডেন ও কুমার ধর্মসেনা।
ব্রিসবেনের গ্যাবায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশের। তবে বৃষ্টির দাপটে পণ্ডই হয়েছে ম্যাচটি।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া এক পয়েন্ট করে পেয়েছে। দুই দলেরই পয়েন্ট এখন এখন তিন করে।
এর আগে কিউরেটর কেভিন মিচেল জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সময় মাঝরাতের আগে বৃষ্টি থামার সম্ভাবনা নেই। দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি।
আম্পায়াররা ইতিমধ্যে আবহাওয়ার পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নিয়েছেন। অস্ট্রেলিয়া সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় দুপুর ১টা) পর্যন্ত অপেক্ষা করা হবে। এ সময়ের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে ম্যাচ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে বৃষ্টি বন্ধ হলে এক ঘণ্টার মধ্যেই খেলা শুরু করা যাবে বলে জানিয়ে ছিলেন কিউরেটর। সেক্ষেত্রে বাংলাদেশ সময় আড়াইটা নাগাদ খেলা শুরুর একটা ক্ষীণ সম্ভাবনাও ছিলো।