বিশ্বকাপে পুল ‘এ’ তে শ্রীলঙ্কার সঙ্গে মোকাবেলা হবে আফগানিস্তানের। ডানেডিনে বাংলাদেশ সময় রোববার ভোর ৪টায় শুরু হবে এ ম্যাচ। নিজেদের প্রথম হেরে যাওয়ায় এ ম্যাচে জিতে জয়ের ধারায় ফিরতে চাইবে উভয় দলই।
আরেক ম্যাচে, পুল ‘বি’ তে ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে ৩ বারের মোকাবেলায় কখনো জিততে পারেনি ভারত।
ধোনিবাহিনী চাইবে সেই রেকর্ড ভাঙতে আর প্রোটিয়ারা চাইবে জয়ের রেকর্ড ধরে রাখতে।
এবারের বিশ্বকাপ মিশনের শুরুটা ভালো হয়নি ১৯৯৬ এর চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯৮ রানে হেরে গেছে তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দল আফগানিস্তানকে।
এ ম্যাচ জিতে মানসিকভাবে চাপমুক্ত থাকতে চাইবে লঙ্কানরা। প্রথম ম্যাচে উইকেট শূণ্য ছিলেন লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। কুলাসেকারা, লাকমাল ও মেন্ডিসদের সঙ্গে আফগান শিবিরে ত্রাস সৃষ্টির অপেক্ষায় আছেন তারা।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১০৫ রানে হেরে চাপে আছে আফগানিস্তানও। নিয়ন্ত্রিত বোলিং প্রদর্শন করেছেন হামিদ হাসান, শাপুর জাদরানরা। তবে থিরিমান্নে, দিলশান, সাঙ্গাকারা ও ম্যাথিউসদের নিয়ে সাজানো শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইন আপের সামনে তারা কতটুকু সফল হন, সেটাই দেখার বিষয়।
এদিকে আরেক ম্যাচে, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। পরিসংখ্যানে এগিয়ে আছে প্রোটিয়ারাই। ৭০ বারের মোকাবেলায় দক্ষিণ আফ্রিকা ৪২ বার আর ভারত জিতেছে ২৫ বার।
আর ৩ ম্যাচে কোন ফলাফল হয়নি। বিশ্বকাপে ৩ বারের সাক্ষাতেও প্রতিবার দক্ষিণ আফ্রিকাই জিতেছে।
উভয় দলই নিজেদের প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে আছে। ভিরাট কোহলি, সুরেশ রাইনা ও শিখর ধাওয়ানদের রানে ফেরা স্বস্তি জোগাচ্ছে ভারতীয় শিবিরকে। বল হাতেও আগুন ঝড়াচ্ছেন মোহাম্মদ শামি ও উমেশ জাদব।
জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন ডেভিড মিলার ও জেপি ডুমিনি। সেইসঙ্গে টপ অর্ডার ব্যাটসম্যানরাও ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন সেই প্রত্যাশাই করবে প্রোটিয়ারা। ফিল্যান্ডার, মরকেলের পেস এবং ইমরান তাহিরের ঘূর্ণি বল সামলাতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের।