স্প্যানিশ লা লিগায় দুর্বল মালাগার কাছে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারিয়েছে বার্সেলোনা। স্পেনের স্ট্রাইকার হুয়ানমির একমাত্র গোলে হেরে যায় কাতালান জায়ান্টরা। আরেক ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। জোড়া গোল করেছেন অ্যান্তোনি গ্রিজম্যান।
শনিবার ন্যু ক্যাম্পে শুরুতেই আচমকা গোল খেয়ে বসে বার্সেলোনা। সপ্তম মিনিটে হুয়ানমির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৩০ মিনিটে, লিওনেল মেসির ফ্রি কিক থেকে সমতায় ফেরার সুযোগ, অল্পের জন্য মিস করে কাতালানরা।
দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বল দখলে রাখলেও, গোল করতে ব্যর্থ হয় বার্সেলোনার শক্তিশালী আক্রমণভাগ। শেষ পর্যন্ত হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লুইস এসরিকের শিষ্যরা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
এদিকে, অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে, আলমেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।