আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) আল-আমিন হোসেনের বিরুদ্ধে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তোলায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বকাপে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন তিনি।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও বাংলদেশ টিম ম্যানেজম্যান্টের একটি সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আল-আমিনের বদলি হিসেবে পেসার শফিউল ইসলামকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জানা গেছে, ১৯ ফেব্রুয়ারি দলের নিয়মভঙ্গ করে গভীর রাতে হোটেলে ফেরেন আল-আমিন। এ ঘটনায় টিম ম্যানেজমেন্ট তাকে জিজ্ঞাসা করলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, সাধারণত কোনো খেলোয়াড় রাত ১০টার পর বাইরে থাকলে তাকে অনুমতি নিতে হয়। তবে ঘটনার দিন আল-আমিনের বাইরে থাকার বিষয়টি তারাও জানতেন না। পরে আইসিসির দুর্নীতি দমন ইউনিট-আকসু তাদেরকে বাইরে ঘোরাঘুরির বিষয়টি জানায়।
বিষয়টি বোর্ড প্রেসিডেন্টকে জানানোর পর আল-আমিনকে বিশ্বকাপ দল থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। এরইমধ্যে বিসিবি আইসিসির কাছে আল-আমিনের বদলি খেলোয়াড় নেয়ার আবেদন জানিয়েছে বলেও জানা গেছে।
আইসিসি অনুমোদন দিলেই আল-আমিনকে দেশে ফেরত পাঠানো হবে।
২০১৩ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁ রাখা আল-আমিন এ পর্যন্ত ১১টি একদিনের ম্যাচ খেলেছেন। বিশ্বকাপ দলে থাকলেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে তিনি সুযোগ পাননি।