হ্যামিলটনে পুল বি'র ম্যাচে, মঙ্গলবার আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন- ভারত। টানা ৪ ম্যাচ জিতে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া।
আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে, গ্রুপ চ্যাম্পিয়ন হবে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে, এই ম্যাচে জিতলেই শেষ ৮ নিশ্চিত হবে আয়ারল্যান্ডের।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ভারত। বিশ্বকাপের আগে, টেস্ট সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে, টানা চার ম্যাচ জিতে পুল বি'তে লিড দিচ্ছে টিম ইন্ডিয়া। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো বড় প্রতিপক্ষকে দাপটের সঙ্গে হারিয়েছে ধোনি বাহিনী।
৪ ম্যাচের প্রত্যেকটিতে জিতে সর্বোচ্চ ৮ পয়েন্ট ভারতের। এদিকে, সমান ম্যাচে ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আয়ারল্যান্ড।
বিশ্বকাপের আগে ধোনির নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু তাঁর চৌকস দিক-নির্দেশনায়, চলতি আসরে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে টিম ইন্ডিয়া।
ভারত দলের শক্তির মূল জায়গা দুর্ধর্ষ ব্যাটিং লাইন-আপ। বিশ্বকাপে ভালো পারফর্ম করে যাচ্ছেন ভারতীয় বোলাররাও। পাশাপাশি ফিল্ডিংয়েও বেশ উন্নতি করেছে টিম ইন্ডিয়া।
এদিকে, চলতি আসরে ধারাবাহিকভাবে ভালো খেলছে আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, সংযুক্ত আরব আমিরাত ও জিম্বাবুয়েকে ধরাশায়ী করে, কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি এখন আইরিশদের সামনে। নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে শেষ আটে উঠতে আত্মবিশ্বাসী উইলিয়াম পোর্টারফিল্ডের দল।
এর আগে, দুইবারের সাক্ষাতে আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত। ২০১১ সালের বিশ্বকাপে, আইরিশদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় টিম ইন্ডিয়া।