বিশ্বকাপ ক্রিকেটের পুল ‘এ’ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক এউইন মরগান।
ব্যাট করতে নেমে ৩৬ ওভার ২ বলে আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে ১১১ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়।
এরপর আর ব্যাট করতে নামতে পারেননি আফগানরা। পরে বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১০১ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন শফিকুল্লাহ। ইংল্যান্ডের পক্ষে ক্রিস জর্ডান ও রবি বোপারা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ব্যাট করতে নেমে ১৮ ওভার ১ বলে ১ উইকেট হারিয়েই ১০১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। দলের পক্ষে ইয়ান বেল সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অ্যালেক্স হেলস করেন ৩৭ রান।
ইংল্যান্ডের পতন হওয়া একমাত্র উইকেটটি শিকার করেন আফগান পেসার হামিদ হাসান। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ৬.২ ওভার বল করে ১৩ রান খরচায় দুই উইকেট শিকার করা ইংলিশ পেসার ক্রিস জর্ডান।
উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরে ইংল্যান্ড ও আফগানিস্তান আগেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। ফলে শুক্রবারের ম্যাচটি দু'দলের জন্যই ছিল নিছক আনুষ্ঠানিকতার ম্যাচ।