গ্রুপপর্বের ৪২ ম্যাচ, ত্রিশ দিনের ব্যাট-বলের লড়াই শেষ। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপ আসর থেকে আইসিসি'র সহযোগি ৪ দেশসহ বিদায় নিয়েছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। এখন কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াইয়ের অপেক্ষা।
১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই কোয়ার্টার ফাইনালে থাকছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।
১৪ দলের গ্রুপপর্বের লড়াইয়ের মধ্যদিয়ে নির্ধারিত হয়েছে কারা খেলবে শেষ আটে। কোয়ার্টার ফাইনালের ৮টি দল পেতে অপেক্ষা করতে হলো গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত। নানা নাটকীয়তা ও হিসাব-নিকাশের মধ্য দিয়ে ঠিক হয়েছে একাদশ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল লাইন-আপ।
গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ক্রিকেটের মোড়ল ইংল্যান্ডসহ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ভালো পারফর্মেন্স দেখালেও শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকে দুঃখজনকভাবে বিদায় নিতে হয়েছে আয়ারল্যান্ডকে। সব ম্যাচ হেরে খালি হাতে ফিরেছে স্কটল্যান্ড ও আরব আমিরাত।
১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্ব। টানা চার দিন চলবে সেমিফাইনালে ওঠার লড়াই। সিডনিতে প্রথম কোয়ার্টার ফাইনালে, লড়বে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
১৯ মার্চ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি হবে মেলবোর্নে।
এদিকে, ২০ মার্চ তৃতীয় কোয়ার্টার ফাইনালে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে পাকিস্তান।
আর শেষ কোয়ার্টার ফাইনাল হবে ২১ মার্চ। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
যে দল টানা তিন ম্যাচ জিতবে শিরোপা ছিনিয়ে নেবে তারাই। এবার, ক্রিকেটের সবচেয়ে বড় আসরের নকআউট পর্বের রোমাঞ্চ দেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব।