বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে জিততে হলে বড় সংগ্রহ করতে হবে বাংলাদেশকে। আর এ গুরু দায়িত্বের ভার টাইগার ওপেনারদের কাঁধে।
তবে তামিম-ইমরুলদের ব্যাটে রান না আসায় ওপেনিং জুটিতে পরিবর্তনের কথা বলেন দেশের সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু।
বাঁচা-মরার লড়াইয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে খেলা সেরা একাদশই খেলানো উচিত বলে মনে করেন তিনি।
ম্যাচ জয় কিংবা প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে হলে ইনিংসের শুরুতে ভালো ভিত দাঁড় করাতে হয় ওপেনারদের। কিন্তু বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে গ্রুপ পর্বে। ৫ ম্যাচে উদ্বোধনী জুটিতে একবারের বেশি ৫০ বা তার বেশি রান আসেনি।
প্রশ্ন উঠেছে তামিম- ইমরুলদের পারফর্মেন্স নিয়ে। তবে চলতি বিশ্বকাপে টাইগার ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান তামিম ইকবালেরই।
তবে সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকরা রান পাওয়ায় মিডল অর্ডার নিয়ে কোনো বাড়তি চিন্তা করতে হচ্ছে না টিম বাংলাদেশকে।
হাসানুজ্জামান ঝড়ু বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে তেমন কোনো পরিবর্তন না করলেই ভালো বাংলাদেশ দলের।
ওপেনিং জুটিতে ভালো সংগ্রহ না আসায় পরিবর্তন আনা যেতে পারে এই একটি জায়গায় সেক্ষেত্রে ইমরুলের বদলি হতে পারেন মমিনুল হক।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের উইনিং কম্বিনেশনেই খেলানো উচিত কোয়ার্টার ফাইনালে বলেও মন্তব্য করেন তিনি।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তাই টস জেতাটা বেশি গুরুত্বপূর্ণ মাশরাফিদের জন্য। শুরুতে ব্যাট করলে প্রতিপক্ষকে ৩০০ রানের বেশি টার্গেট ছুড়ে দিলে টাইগারদের জয় সহজ হবে বলে মন্তব্য করেন সাবেক এ ক্রিকেটার।