চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ। পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে জিতেছে তারা।
তবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি ইংলিশ জায়ান্ট আর্সেনাল। দ্বিতীয় লেগে ২-০ তে মোনাকোকে হারালেও, অ্যাগ্রিগেটে এগিয়ে থাকায় পরের রাউন্ডে উঠেছে ফ্রান্সের ক্লাবটি।
প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে বেয়ার লেভারকুসেনের মাঠে ১-০ গোলে হেরেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে হোম ম্যাচে ২৭ মিনিটে মারিও সুয়ারেজের গোল লিড এনে দেয় তাদের। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে দুই লেগ মিলিয়ে ১-১ গোলের অ্যাগ্রিগেট পায় দুই দলই।
ফলস্বরুপ খেলা গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখানে ৩-২ গোলে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকে গতবারের রানারআপরা।
অন্যম্যাচে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর বিপক্ষে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হতো আর্সেনালকে। মোনাকোর মাঠে সে সুযোগও তৈরি করেছিল গানাররা অ্যারন রামসি ও অলিভিয়ের জিরুর গোলে।
তবে টানটান উত্তেজনার ম্যাচটিতে পরে আর কোনো গোল করতে পারেনি তারা। ফলে দ্বিতীয় লেগ ২-০ তে জিতলেও অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়ে আর্সেনাল।