ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচকে নিয়ে চাপে নেই বাংলাদেশ শিবির। মেলবোর্নে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা।
মেলবোর্নের পিচ ব্যাটিং সহায়ক, ফলে বোলারদের ভাল বোলিং করতে হবেও বলে জানান মিশরাফি।
বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমাদের সব পরিকল্পনা আগামীকালের ম্যাচকে ঘিরে। গত পাঁচ ছয় ম্যাচে আমরা বেশ ভাল ক্রিকেট খেলেছি। ভারতের বিপক্ষেও আমরা চাপমুক্ত হয়েই মাঠে নামব। আশা করছি খুব ভাল একটি ম্যাচ হবে সেটি।’
ভালো কিছু করার জন্য দলের খেলোয়াড়রা অপেক্ষা করছে জানিয়ে মাশরাফি বললেন, ‘দলের খেলোয়াড়রা বেশ নির্ভার আছে। বড় মঞ্চে তারা পারফর্ম করতে চায়। এই মাঠে ইতিমধ্যে আমরা খেলেছিও। ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের মানুষ গত ১৫-১৬ বছর ধরে আমাদের সঙ্গে আছে। জিতি বা হারি তারা আমাদের সমর্থন দেয় সবসময়। আগামীকালও আমাদের সঙ্গেই থাকবে সবাই।'