বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে, আনপ্রেডিক্টেবল পাকিস্তানের মুখোমুখি হবে ফেভারিট অস্ট্রেলিয়া। শুক্রবার সকাল সাড়ে ৯টায় অ্যাডিলেডে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দু'দল। পঞ্চমবারের মতো শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে যেতে দৃঢ়প্রত্যয়ী টিম অস্ট্রেলিয়া।
এদিকে, শেষ চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসী পাকিস্তান চাইবে ধারাবাহিকতা ধরে রাখতে।
অ্যাডিলেইড ওভালে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। পুল এ থেকে দ্বিতীয় হয়ে শেষ আটে উঠেছে অস্ট্রেলিয়া। এদিকে, শুরু থেকেই ধুঁকতে থাকা পাকিস্তানকে কোয়ার্টার ফাইনালে উঠতে অপেক্ষা করতে হয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।
শক্তির বিচারে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও পাকিস্তানের পেস লাইনআপকে সমীহ করছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
৯২'এর স্মৃতি থেকে অনুপ্রেরণা খুঁজছে এবারের পাকিস্তান। অ্যাডিলেডে আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলার সুবাদে ভেন্যু সম্পর্কে ভালো ধারনা আছে মিসবাহ বাহিনীর ।
তবে, ইনজুরির কারণে পাকিস্তান পাচ্ছে না তাদের অন্যতম সফল পেসার মোহাম্মদ ইরফানকে।
অন্যদিকে, দুর্দান্ত ফর্মে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে সর্বোচ্চ ১৬ উইকেট শিকারি পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়াকেই ফেভারিট মানছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ।
বিশ্বকাপে আট বারের দেখায় চার বার করে জয় পেয়েছে দু'দল।