অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
পাকিস্তানের দেয়া ২১৪ রানের টার্গেট ৪ উইকেট হারিয়ে স্টিভেন স্মিথ, শেন ওয়াটসন আর গ্লেন ম্যাক্সওয়েলের দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছেছে ফেভারিটরা।
টস জিতে ব্যাট করতে নেমে, ৪৯ ওভার ৫ বলে ২১৩ রানে অলআউট হয় মিসবাহ বাহিনী। হেজেলউড ৪টি, এবং মিচেল স্টার্ক ও গ্লৈন ম্যাক্সওয়েল নিয়েছেন ২টি করে উইকেট। ২য় সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে এ ম্যাচে জয়ী দল।
অ্যাডিলেড ওভালে, টস জিতে ব্যাট করতে নেমে, দলীয় ২৪ রানে দুই ওপেনার শেহজাদ ও সারফারাজের উইকেট হারায় পাকিস্তান। এরপর হারিস সোহেল ও অধিনায়ক মিসবাহর ৭৩ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে পাকিস্তান। ৪১ রান করে মিসবাহ আউট হবার পর, একে একে সাজঘরে ফেরেন সোহেল ও উমর আকমল।
এরপর ১৫ বলে ২৩ রান করে বিদায় নেন শহীদ আফ্রিদি। শেষপর্যন্ত ইনিংসের এক বল বাকি থাকতে, ২১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাব দিতে নেমে ভালো সূচনা করে অস্ট্রেলিয়া।
আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।