বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল থেকে বাংলাদেশ বিদায় নিলেও এ টুর্নামেন্ট থেকে প্রাপ্তিটাকেই বড় করে দেখছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাশরাফি বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে আমরা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ ভাল করেছি। দলের অধিকাংশ খেলোয়াড়ের খুব বেশি অভিজ্ঞতা ছিল না। তবে তারপরও সবাই ভাল করেছে। বিশ্বকাপের পর বেশ কিছু সিরিজ আছে সেগুলোতে ভাল করতে চাই আমরা।'
‘মাঠে কী হয়েছে, সবাই দেখেছে। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না— উল্লেখ করে তিনি আরো বলেন, আসলে এখানে আলাদাভাবে কিছু বলার নাই। আমাদের সেই সময় একটা উইকেট খুব দরকার ছিল। আমরা ওদের খুব চাপেই রেখেছিলাম। উইকেট হয়েছিল, কিন্তু নো বল কল করেছে আম্পায়ার। বাদ বাকি যে প্রশ্ন ছিল, আমার মনে হয় না এখানে আমার উত্তর দেয়া উচিত।’
বিশ্বকাপের কোয়াটার ফাইনালে রোহিত শর্মার শতকে ১০৯ রানে হারে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় রোহিত ৯০ রানে আম্পায়ারের বদান্যতায় জীবন পান। এরপর ২৪ বলে আরো ৪৭ রান করেন তিনি।