বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও ভারত ম্যাচের আম্পায়ারদের কিছু সিন্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি আ হ ম মুস্তাফা কামালের করা কিছু মন্তব্যকে ‘ভিত্তিহীন’ ও ‘দুর্ভাগ্যজনক’ বলে আখ্যায়িত করেছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
আইসিসির প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসি সভাপতি হিসেবে ম্যাচ অফিসিয়ালদের সমালোচনার ব্যাপারে মুস্তফা কামালের আরো বিবেচনাপ্রসুত হওয়া উচিত ছিল, কারণ তাদের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই।’
রিচার্ডসন বলেন, ‘নো বলের’ সিদ্ধান্তটি ছিল ফিফটি-ফিফটি সম্ভাবনা। খেলার চেতনা বলে আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত এবং সেটিকেই সম্মান করতে হবে।
তিনি বলেন, ম্যাচ অফিসিয়ালদের কোনো এজেন্ডা ছিল কিংবা তারা সামথ্যের বাইরে অন্যকিছু করেছেন এমন অভিযোগ ভিত্তিহীন এবং জোরালোভাবে তা প্রত্যাখ্যান করা হলো।
গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ ও ভারতের খেলা শেষ হবার পরপরই তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেছেন আইসিসি সভাপতি আহম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের বিপক্ষে পক্ষপাতিত্বের প্রতিবাদে পদত্যাগও করতে পারি।
আম্পায়ারদের এ সব বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ, শেইন ওয়ার্ন, শোয়েব আকতার, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা, এবি ডি ভিলিয়ার্স, মার্টিন ক্রো, মাইকেল হোল্ডিং ও অজিত আগারকার।
রুবেল হোসেনের বলে ভারতের ইনফর্ম ব্যাটসম্যান রোহিত শর্মার ক্যাচটিতে নো বল কল করা আর বাংলাদেশের ইনিংসে মাহমুদুল্লাহ এর ক্যাচ নিতে গিয়ে সীমানায় শিখর ধাওয়ানের পা ছোয়ানোর ঘটনা এড়িয়ে আউট দেয়ায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
এদিকে, বাংলাদেশ-ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।