এ এফ সি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফিকেশনের 'ই' গ্রুপের খেলা শুরু হচ্ছে শুক্রবার থেকে। দিনের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একে অপরকে সমীহ করলেও, জয়ের জন্যই মাঠে নামবে দুদল। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
১০টি গ্রুপে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের খেলা। প্রতি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্স আপ বাছাই পর্ব থেকে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। 'ই' গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে সিরিয়া, উজবেকিস্তান ও ভারত। নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে লাল-সবুজরা। কাগজে কলমে বাংলাদেশের চেয়ে শক্তিশালী দল সিরিয়া। ৭ জন জাতীয় দলের খেলোয়াড় আছে তাদের স্কোয়াডে। প্রতিপক্ষকে সমীহ করলেও, ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশের কোচ, লোডউইক ডি ক্রুইফ।
লোডউইক ডি ক্রুইফ বলেন, ‘বাছাই পর্ব সামনে রেখে দুই সপ্তাহ কঠোর অনুশীলন করেছে ছেলেরা। এখন মাঠে তার প্রতিফলন দেখানোর সময়। সিরিয়া অনেক শক্তিশালী একটি দল। তবে আমরাও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’
এদিকে, ঘরের মাঠে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মানছেন সিরিয়ান কোচ মোহান্নাত আল ফকির।
তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভালো দল। আমি ওদের খেলা দেখেছি। বাংলাদেশের মাঠে স্বাগতিকদের সঙ্গে খেলাটা হয়তো সহজ হবে না। তবে জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
'ই' গ্রুপের বাছাইপর্ব চলবে ৩১ মার্চ পর্যন্ত। সবগুলো ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।