আর মাত্র একটি ম্যাচ বাকি এগারোতম ক্রিকেট বিশ্বকাপের। নতুন রেকর্ড প্রায় প্রতি ম্যাচেই ৩০০ ছাড়ানো স্কোর ফাস্ট বোলারদের দাপট, দুর্দান্ত ব্যক্তিগত কিছু ইনিংসের টুর্নামেন্ট ছিল এটি। তবে এবারের আসরটি লিজেন্ড ক্রিকেটারদের বিদায়ী বিশ্বকাপও। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, শহীদ আফ্রিদির এ তালিকায় বিশ্বকাপ ফাইনাল শেষেই যোগ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি।
বয়স কোনো বাধাই নয়, লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাই যেন তার প্রমাণ। ২০১৪ সালে তিনি করেন ওয়ানডেতে সবচেয়ে বেশি রান। আর নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে টানা চারটি অসাধারণ সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ৪০৪টি ওয়ানডেতে ১৪২৩৪ রান করেছেন সাঙ্গা। ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
অবসর নেয়ার দৌঁড়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদেরই যেন জয়জয়কার। গ্রেট ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনেও চলে গেছেন অবসরে। সাঙ্গাকারা, জয়াবর্ধনের পথে হাঁটতে পারেন ওপেনার তিলকারাত্নে দিলশান ও ইয়র্কার স্পেশালিস্ট লাসিথ মালিঙ্গা।
অবসর নিয়েছেন পাকিস্তানের তিন গ্রেট শহীদ আফ্রিদি, ইউনিস খান ও মিসবাহ উল হক। বিশ্বকাপ শুরুর আগেই তারা দেন অবসরে যাওয়ার ঘোষণা।
ভারতীয় ক্যাপ্টেন মাহেন্দ্র সিং ধোনি কিন্তু আরো কয়েকদিন খেলবেন বলে জানিয়েছেন। সেমিফাইনালে হেরে যাওয়ার পর ধোনি সবার ধারনা ভুল প্রমাণ করে বলেছেন আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পুরোপুরি ফিট তিনি।
ছোট দলের বড় তারকারাও আছেন এ তালিকায়। আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলর বিদায় বলেছেন ক্রিকেটকে। জিম্বাবুয়ের হয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন টেলর। দুর্দান্ত ক্যারিয়ারের শেষটাও করেছেন মনে রাখার মতো করেই।
তবে এবারের বিশ্বকাপ ফাইনাল খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মাইকেল ক্লার্ক ও নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। কিউইরাতো জানিয়েই দিয়েছে বিশ্বকাপটা তারা জিততে চায় তাদের লিজেন্ড ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরির জন্য।
একই সঙ্গে এতজন অসাধারণ ক্রিকেটারদের বিদায়ে তৈরি হওয়া শূন্যস্থান খুব দ্রুতই পূরণ করে নেবেন নতুন ক্রিকেটাররা। তবে যে নামগুলো এতদিন ধরে দাপিয়ে বেড়াচ্ছিল ক্রিকেট খেলাটিকে তারাই এখন প্রশংসায় ভাসাবেন নতুন তারকাদের। তখন হয়ত মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টরির মনে পড়বে দেশের জার্সিতে প্রথমবারের মত মাঠে নামার সেই রোমাঞ্চের কথা।