বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি ৫ম বারের মতো উঁচিয়ে ধরবে অস্ট্রেলিয়া না প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড?—প্রশ্নের উত্তর মিলবে আগামীকালের (রোববার) গ্র্যান্ড ফাইনালে। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে দলকে বিশ্বকাপ উপহার দিয়েই অবসর নিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এদিকে, স্বপ্নপুরণের এতো কাছে এসে খালি হাতে ফিরতে চান না নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
প্রস্তুত মেলবোর্ন, দ্বিতীয় সেমিফাইনাল শেষ হতে না হতেই বেজে উঠে চুড়ান্ত যুদ্ধের দামামা। বর্তমান সময়ে সবচেয়ে ফর্মে থাকা ২টি দলের লড়াই দেখতে মুখিয়ে আছে পুরো দুনিয়ার ক্রিকেটপ্রেমীরা।
টানা ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন গেলো আসরে সাম্রাজ্য হারিয়েছে অস্ট্রেলিয়া, এবার রাজত্ব পুনরুদ্ধারের মিশন। নিউজিল্যান্ডের মতো শতভাগ জয়ের রেকর্ড নেই অজিদের। টুর্নামেন্টে একমাত্র হার ওই কিউইদের বিপক্ষেই। গ্রুপ পর্বের ওই হারের প্রতিশোধ নিয়ে ৫ম বারের মতো শিরোপা জিততে দৃঢ় প্রতিজ্ঞ ক্যাঙ্গারুরা।
গ্লেন ম্যাক্সওয়েল-ওয়ার্নারদের সাইক্লোনের সঙ্গে ক্লার্ক-স্মিথদের ধ্রুপদী ব্যাটিংয়ে কঠিন পরিস্থিতিতে পড়তে পারে কিউই বোলিং। সঙ্গে স্টার্ক, জনসন, ফকনারদের আগুনে গোলায় বিদ্ধস্ত হতে পারে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন।
ফাইনালের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দিয়েছেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক।
তিনি বলেন, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি ওয়ানডে থেকে অবসর নিতে যাচ্ছি। আমার টিমমেট ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। সবচেয়ে ভালো লাগবে, যদি আমি দলকে ৫ম বিশ্বকাপ উপহার দিয়ে বিদায় নিতে পারি।’
এদিকে, এর আগের ৬ বার যা সম্ভব হয়নি, এবার তা করে দেখিয়েছে ব্রেন্ডন ম্যাককালামবাহিনী। চলতি বিশ্বকাপের সবগুলো ম্যাচে দাপটের সঙ্গে জিতে ফাইনালে এসেছে নিউজিল্যান্ড। শুরুতে মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। পরে কোরি অ্যান্ডারসন, কেইন উইলিয়ামসন ও গ্র্যান্ট ইলিয়টরা বড় সংগ্রহের ভিত গড়ে দিতে পারেন ব্ল্যাক ক্যাপদের।
আগুন ঝড়ানো বোলিংয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ট্রেন্ট বোল্ট লন্ডভন্ড করে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। সঙ্গে যোগ্য সমর্থন দিতে পারেন টিম সাউদি ও কোরি অ্যান্ডারসনরাও।
নিজের শেষ বিশ্বকাপ ফাইনালটাকে নিশ্চই স্মরণীয় করে রাখতে চাইবেন স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। তবে টুর্নামেন্টের সবকটি ম্যাচই ঘরের মাটিতে খেলেছে কিউইরা। মেলবোর্নের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ এখন তাদের সামনে।
নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আমাদের স্বপ্ন পূরণ থেকে মাত্র এক ম্যাচ দুরে রয়েছি। এত কাছে এসে খালি হাতে ফিরতে চাই না। এখন আমাদের সেরা সময় পার করছি, বিশ্বকাপটা জিতেই দেশে ফিরতে চাই।’