বিশ্ব ক্রিকেটের আধিপত্যের মুকুট আবারো উঠল অস্ট্রেলিয়া মাথায়। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে দলকে বিশ্বকাপ জেতানো অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক, দলের এ অর্জন প্রয়াত ফিলিপ হিউজেসকে উৎসর্গ করেছেন।
রানার্সাপ নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম বললেন, অস্ট্রেলিয়া তাদের যোগ্যতা প্রমান করেই চ্যাম্পিয়ন হয়েছে।
প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে খেলতে এসে নিউজিল্যান্ডকে শিরোপা জেতাতে ব্যর্থ হলেও আক্ষেপ নেই ব্ল্যাক ক্যাপ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের। বললেন যোগ্য দলের হাতেই শিরোপা উঠেছে।
নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম বলেন, ‘নিউজিল্যান্ড দলের প্রত্যেকটি সদস্য টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা কঠিন একটি প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি। মাইকেল ক্লার্ক ও তার দল যোগ্যতা প্রমান করেই চ্যাম্পিয়ন হয়েছে।’
১৯৯৯ সাল থেকে ২০০৭ পর্যন্ত টানা আট বছর ক্রিকেট বিশ্বকে শাসন করে যাওয়া অস্ট্রেলিয়ার আধিপত্যে ভাঙ্গন ধরিয়েছিল ভারত। তবে মাইকেল ক্লার্কের নেত্রিত্বে অস্ট্রেলিয়া পুনরুদ্ধার করলো হারানো সিংহাসন।
প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে অভিনন্দন জানিয়ে মাইকেল ক্লার্ক বলেন অস্ট্রেলিয়ার জয়ের পেছনে প্রত্যেকটি খেলোয়াড় ও সমর্থকদের অবদান রয়েছে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, সবার প্রথমে আমি ব্রেন্ডন ম্যাককুলামকে অভিনন্দন জানাব। যে কোনো ধরনের টুর্নামেন্টে ওরা কঠিন প্রতিপক্ষ। দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে আমরা জয় পেয়েছি। পুরো টুর্নামেন্ট জুড়ে অস্ট্রেলিয়ান সমর্থকরা আমাদের সাহস যুগিয়েছে। দলের প্রত্যেকটি খেলোয়াড় ও সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ।’
বিশ্বকাপের আগে ফিলিপ হিউজেসের মৃত্যুতে শোকাহত ছিল পুরো অস্ট্রেলিয়ান ক্রিকেট। বিশ্বকাপে হিউজেসের নাম লিখা কালো ব্যান্ড পরে প্রত্যেকটি ম্যাচ খেলেছে অজিরা। অস্ট্রেলিয়ার এই অর্জন তাই ফিলিপ হিউজেসের প্রতি উৎসর্গ করেছেন মাইকেল ক্লার্ক।
মাইকেল ক্লার্ক আরো বলেন, বিশ্বকাপের আমরা ১৬ জনের দল নিয়ে খেলেছি। হিউজেস না থেকেও আমাদের সঙ্গে ছিল। বিশ্বকাপ ট্রফিটি ফিলিপ হিউজেসকে উৎসর্গ করছি আমরা।’